পূর্বশত্রুতার জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দৌলতপুর মধ্যপাড়া গ্রামে পুরোনো বিরোধের জের ধরে গোলাপ হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তিনি বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ওই ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে গোলাপের বাড়ি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রবিউল করিম বলেন, লোহার রড ও হাতুড়ি দিয়ে গোলাপ হোসেনকে পেটানো হয়েছে। এতে তাঁর বাঁ পায়ের হাড় ফেটে যাওয়াসহ পুরো শরীরে মারাত্মক জখম হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন গোলাপের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। পুরোনো বিরোধের জের ধরে গত বুধবার সন্ধ্যায় নাজিরপুর বাজার থেকে শরিফুল ইসলাম ও তাঁর ভগ্নিপতি রায়হান তাঁকে জোর করে ধরে তাঁদের বাড়িতে নিয়ে যান। সেখানে পাঁচ থেকে সাতজন লোহার রড ও হাতুড়ি দিয়ে তাঁকে বেধড়ক পেটান। পরে গভীর রাতে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

প্রত্যক্ষদর্শী আবদুস সালাম মোল্লা বলেন, বাজার থেকে গোলাপকে যাঁরা ধরে নিয়ে গেয়েছিলেন, তাঁরা প্রভাবশালী। তাই তখন ভয়ে কেউ কিছু বলেনি।

অভিযুক্ত শরিফুলের মুঠোফোনে গতকাল শুক্রবার কয়েক দফা ফোন দিয়েও সেটি বন্ধ পাওয়া গেছে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত রানা লাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপক্ষের পূর্ববিরোধের বিষয়টি তিনি আপসরফার প্রতিশ্রুতি দিলেও অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কথা না শুনে গোলাপকে অমানুষিক নির্যাতন করেছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে গোলাপকে উদ্ধার করা হয়। তবে পুলিশ আসার খবর পেয়ে গোলাপের ওপর নির্যাতনকারীরা তখন ওই বাড়ি ছেড়ে পালিয়েছিল। ওই ঘটনায় গতকাল শুক্রবার শরিফুল ও রায়হানসহ সাতজনকে অভিযুক্ত করে থানায় মামলার প্রস্তুতি চলছে।