পূর্বশত্রুতার জেরে হত্যা বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের ধরমপুর বাজারের নরসুন্দর হরিদাস চন্দ্রকে গলা কেটে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী কনতি রানী গত শনিবার রাতে অজ্ঞাতনামা লোকজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছেন। পুলিশের ধারণা, তাঁকে পূর্বশত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে।

মামলা তদন্ত করছেন থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম। এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়া অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আখতার হোসেনের নেতৃত্বেও একটি তদন্ত চলছে।

বগুড়ার বড় কুমিরা গ্রামে হরিদাসের বাড়িতে গতকাল রোববার এসআই তরিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আখতার হোসেনের নেতৃত্বাধীন তদন্তকারী দল আলাদাভাবে পরিদর্শন করে। পরে কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ধরমপুর বাজার থেকে গত শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে শহরের ঝোপগাড়ী এলাকায় হরিদাসকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

হরিদাসের স্বজনদের সঙ্গে কথা বলার পর তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, হত্যার আগে হরিদাসের পরনের প্যান্ট কেটে তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলা হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় উপর্যুপরি কোপ দেওয়া হয়। কারও একার পক্ষে এ হত্যাকাণ্ড সম্ভব নয়। এতে তিন-চারজন সংশ্লিষ্ট থাকতে পারে। পূর্ব কোনো শত্রুতার জেরেই তাঁকে হত্যা করা হয় বলে মনে করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টিকে ছিনতাইয়ের ঘটনা বলে সাজাতেই হয়তো অপরাধীরা হরিদাসের বাইসাইকেল ও মুঠোফোন নিয়ে গেছে।’ তিনি বলেন, হরিদাসের স্বজনেরা তাঁকে জানিয়েছেন, কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আখতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ধরন দেখে মনে হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আবার পেশাদার ছিনতাইকারীদের কাজও হতে পারে। খুব শিগগির জট খুলবে বলে আশা করা হচ্ছে।’