পূর্বাচল প্রকল্পে দুর্নীতি মামলায় কানুনগো গ্রেপ্তার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে দুর্নীতির অভিযোগে করা মামলায় ঢাকা জেলা প্রশাসনের সাবেক সার্ভেয়ার মো. হালিম ভূইয়াকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের সহকারী পরিচালক মো. সালাম আলী মোল্লা রাজধানীর দনিয়া এলাকার পলাশপুর থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
মো. হালিম ভূইয়া বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের কানুনগো।
দুদকের জনসংযোগ বিভাগ গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ১২ জনকে আসামি করে মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, পূর্বাচল আবাসিক প্রকল্পের জন্য নারায়ণগঞ্জের কামতা মোজায় জমি হুকুমদখল করে সরকার। পরে জমির মালিকদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। ওই সময় থেকে পরবর্তী কয়েক বছর ক্ষতিপূরণ প্রক্রিয়ায় রাজউক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত ছিলেন। এই ধারাবাহিকতায় আসামিরা পরস্পর যোগসাজশে ওই মৌজায় বাস্তবের চেয়ে বেশি গাছপালা দেখান। পাশাপাশি গাছের দাম বেশি দেখানো এবং সরকারি খাসজমিতে থাকা গাছ ব্যক্তিমালিকানায় দেখিয়ে ৩ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৮৯৭ টাকা আত্মসাৎ করেন।
আসামিদের মধ্যে রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. ছাইদুর রহমান এবং রাজউকের নির্বাহী প্রকৌশলী ও গুলশান-বনানী-বারিধারা ও উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনোয়ারুল ইসলামকে মামলার পরদিনই গ্রেপ্তার করে দুদক। ছাইদুর রহমান ওই সময় রাজউকের সহকারী প্রকৌশলী এবং মনোয়ারুল ইসলাম উপসহকারী প্রকৌশলী ছিলেন।
মামলার বাকি আসামি হলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সার্ভেয়ার (বর্তমানে শেরপুর সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো) আবু তাহের; নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক কানুনগো (বর্তমানে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এলএও); রাজউকের সার্ভেয়ার (বর্তমানে এস্টেট পরিদর্শক) মো. জাকির হোসেন; রাজউকের কানুনগো আবদুল হক মিয়াজি; রাজউকের সাবেক সহকারী পরিচালক (বর্তমানে অবসরে) এ আর আহমেদ মজুমদার, সাবেক কানুনগো (বর্তমানে রাজউকের সহকারী প্রকৌশলী) মিজানুর রহমান, টঙ্গীর বাসিন্দা আলী আমজাদ খান, আলী আফজাল খান ও আ. সালাম খান।