পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশি মদ জব্দ, আটক ১
চট্টগ্রামের ফকিরহাট এলাকা থেকে দেশি-বিদেশি মদ ও বিয়ারসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আর আনোয়ারা উপজেলার গহিরা গলাচিপা ঘাট এলাকা থেকে ১৬ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মো. আলী আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে মো. সোবহান নামের এক ব্যক্তিকে ৫৪ বোতল বিদেশি মদ ও ১২০টি বিয়ারের বোতলসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।
এদিকে গতকাল ভোরে আনোয়ারা উপজেলার গহিরা গলাচিপা ঘাট এলাকা থেকে ১৬ হাজার ইয়াবা বড়ি জব্দের ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার ডিকসন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জব্দ করা ইয়াবা বড়ির মূল্য প্রায় ৮০ লাখ টাকা।