নোয়াখালীর সেনবাগ উপজেলায় আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষ ইউনিয়ন ও পৌরসভায় পৃথক আহ্বায়ক কমিটি গঠন করছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য আলাদা প্রার্থীর তালিকা তৈরি করছে।
দলীয় সূত্র জানায়, ৯ এপ্রিল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার কমিটি ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটিও বাতিল করা হয়। সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমানের নেতৃত্বাধীন ইউপি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য গঠিত সমন্বয় কমিটিকে ইউনিয়ন ও পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, এসব সিদ্ধান্তে ক্ষুব্ধ হন স্থানীয় সাংসদ মোরশেদ আলম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহম্মদ চৌধুরীর নেতৃত্বাধীন দলের একাংশ। তাঁরা জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অগঠনতান্ত্রিক আখ্যায়িত করে প্রতিটি ইউনিয়নে একটি করে আহ্বায়ক কমিটির নামের তালিকা ও ইউপি নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করেছেন।
এদিকে আতাউর রহমানের নেতৃত্বাধীন কমিটিও ইউনিয়ন ও পৌর আহ্বায়ক কমিটি গঠনের পাশাপাশি প্রতিটি ইউনিয়নের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করছে।
দলীয় সূত্র জানায়, কমিটি গঠনের বিষয়ে আতাউর রহমানকে সহযোগিতা করছেন উপজেলা আওয়ামী লীগের অপর অংশের নেতা সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু জাফর টিপুর নেতৃত্বাধীন দলীয় নেতারা। এ কমিটি তাদের প্রস্তাবিত কমিটি ও প্রার্থীর তালিকা আজ বুধবার জেলা আওয়ামী লীগের কাছে জমা দেবে।
জানতে চাইলে আতাউর রহমান গতকাল মঙ্গলবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ইউনিয়ন ও পৌরসভায় আগে দায়িত্ব পালনকারী নেতাদের সঙ্গে পরামর্শ করে প্রতি ইউনিয়নে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি এবং একজন করে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করেছেন। আজ বুধবার এ তালিকা জেলা নেতাদের কাছে হস্তান্তর করা হবে।
সাংসদ মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, সেনবাগের কমিটি বাতিল ও ইউপি নির্বাচনের প্রার্থী বাছাইয়ে আহ্বায়ক কমিটি গঠনসহ জেলা আওয়ামী লীগ যতগুলো সিদ্ধান্ত নিয়েছে, তার কোনোটিই গঠনতান্ত্রিকভাবে হয়নি, যা হয়েছে সম্পূর্ণ গায়ের জোরে। জেলা আওয়ামী লীগ সেনবাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থানীয় সাংসদ হিসেবে তাঁর সঙ্গে কোনো পরামর্শ করেনি। ইউনিয়নের প্রার্থী বাছাইয়ে অন্য উপজেলার লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। এটিও সম্পূর্ণ অবৈধ।
মোরশেদ আলম আরও বলেন, তিনি সব বিষয় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন। তাই দলের ইউনিয়ন ও পৌর আহ্বায়ক কমিটি এবং ইউপি নির্বাচনের প্রস্তাবিত প্রার্থীর তালিকাও দলের কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দেওয়া হবে।