পৃথক ঘটনায় চারজনের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে দুজন স্কুলছাত্রসহ চারজন আত্মহত্যা করেছে। স্বজনেরা ও পুলিশ ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছে।
মো. আকিব হাসান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র গতকাল বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করেছে। কী কারণে আকিব আত্মহত্যা করেছে, সে ব্যাপারে বাবা-মা কিছুই জানেন না। আকিব তার বাবা-মায়ের সঙ্গে কলাবাগানে লাল ফকিরের মাজারের পাশে থাকত।
আকিবের মা হালিমা বেগম ঠিকা ঝিয়ের কাজ করেন। তিনি প্রথম আলোকে বলেন, আকিব বিকেল পাঁচটায় বাসায় ফেরে। আকিবের খাওয়া-দাওয়া শেষে হলে মা কাজে বেরিয়ে যান। রাত সাড়ে আটটায় ফিরে এসে ছেলেকে গলায় ওড়ান প্যাঁচানো অবস্থায় পান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া।
এলিফ্যান্ট রোডে সঙ্গীতা রানী দাস নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। সঙ্গীতার মামা প্রদীপ রবি দাস বলেন, বুধবার রাতে পড়াশোনার জন্য সঙ্গীতা রানীকে তার মা বকাঝকা করেন। এর কিছুক্ষণ পর রাগ করে সে আত্মহত্যা করে। রাতেই সঙ্গীতাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার পরিবারের সদস্যরা তার লাশ গাজীপুরের গ্রামের বাড়িতে নিয়ে যায়।
দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন রাসেল মিয়া (২৬) নামের এক ব্যক্তি। স্ত্রীসহ তিনি ভাটারায় থাকতেন। ভাটারা থানার উপপরিদর্শক জুলফিকার আলী বলেন, রাসেল তিন মাস আগে মৌসুমী আকতারকে বিয়ে করেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঝগড়ার একপর্যায়ে রাসেল তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ গিয়ে রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ভাটারায় রাজন সরদার (২৪) নামে মাদকাসক্ত এক যুবক আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তাঁর মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
ভাটারা থানার উপপরিদর্শক মো. শাহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা দেড়টায় বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন রাজন। তিনি আরও বলেন, রাজন মাদকাসক্ত হওয়ায় পরিবারের সঙ্গে ঝগড়াবিবাদ লেগেই থাকত।