পৃথক ঘটনায় ছয়জনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় গৃহকর্মীসহ ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন গৃহকর্মী জান্নাতুল আক্তার (১৮) ও মাহফুজা আক্তার (১৩), শীতাতপযন্ত্রের মিস্ত্রি তারেক হোসেন (২৬), ট্রাকচালকের সহকারী মো. শাকিল (২৫) ও সাইদুল ইসলাম (২৫) এবং গৃহবধূ সনিয়া আক্তার (৩৫)।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গৃহকর্মী জান্নাতুল আগারগাঁওয়ের তালতলার বাসিন্দা কণ্ঠশিল্পী কৃষ্ণকলি ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তাঁর স্বামী খালেকুর রহমান তাঁদের বাসা থেকে জান্নাতুলকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, জান্নাতুলকে মৃত অবস্থায় আনা হয়েছে।
খালেকুর রহমান হাসপাতালে প্রথম আলোকে বলেন, জান্নাতুল ঠিকমতো কাজ করতে পারতেন না। এ কারণে তাঁর স্ত্রী জান্নাতুলকে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বলেন। এ কারণেই হয়তো একটি কক্ষের দরজা লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। গোঙানির শব্দে সিলিং ফ্যান থেকে তাঁকে দ্রুত নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গতকাল বিকেলে নয়াপল্টনের একটি ভবনের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বসানোর সময় কোমরে বাঁধা ফিতা ছিঁড়ে নিচে পড়ে আহত হন মিস্ত্রি তারেক হোসেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে নগরের কারওয়ান বাজারে তরকারিভর্তি ট্রাকের পাশে ঘুমাচ্ছিলেন চালকের সহকারী শাকিল। একপর্যায়ে ট্রাক থেকে কয়েক বস্তা তরকারি পড়ে গেলে শাকিল চাপা পড়েন। সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল দুপুরে বাড্ডার নতুনবাজারের কাছে চলন্ত ট্রাক থেকে পড়ে মারা যান চালকের সহকারী সাইদুল ইসলাম (২৫)।
একই দিন দুপুরে পুলিশ তুরাগ থানার বাউনিয়াবাদ এলাকার একটি বাসা থেকে গৃহকর্মী মাহফুজার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ঘটনা তদন্তকারী তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, মাহফুজা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না লাগিয়ে আত্মহত্যা করেছেন।
গতকাল সকালে উত্তরার নিজ বাসায় অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে সনিয়া আক্তার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। উত্তরা পশ্চিম থানার এসআই মিজানুর রহমান বলেন, এটি আত্মহত্যার ঘটনা।