পৃথক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ গুলিবিদ্ধ ৩
রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার সৌদিপ্রবাসীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীর হাতিরপুলে স্থানীয় দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলাকালে দুই পথচারী এবং গত বুধবার মধ্যরাতে বাড্ডায় দুষ্কৃতকারীদের গুলিতে করাতকলের মালিক আহত হন।
আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশরাফুল আলম (২৩), সৌদিপ্রবাসী আশিক মাহমুদ (২৫) এবং করাতকলের মালিক মো. মধু (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে হাতিরপুল বাজারে দুটি সন্ত্রাসী পক্ষের মধ্যে গোলাগুলি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পথচারী আশরাফুল ও আশিক মাহমুদ গুলিবিদ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, আশরাফুল আলমের ডান ঊরুতে এবং আশিক মাহমুদের বাঁ কনুইতে গুলি লাগে।
আশিক মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমি সৌদি আরব থেকে ১৫ দিন আগে দেশে ফিরি। রাতে হাতিরপুল বাজারে যাই। সেখানে বেশ কয়েক জন লোক দৌড়াদৌড়ি করছিল। তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। তাদের করা গুলি আমার বাম হাতের কনুইয়ে লাগে।’
আশিকের বাসা সেন্ট্রাল রোডে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীদের একটি পক্ষ আরেক পক্ষের ওপর গুলি ছুড়লে দুই পথচারী আহত হন। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
এদিকে পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড্ডার আলী অ্যান্ড সন্স নামের করাতকলের মালিক মো. মধু তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন। উত্তর বাড্ডা এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীর ছোড়া গুলি মধুর (৪৫) পিঠে লাগে।