সিলেটের দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার পৃথক সংঘর্ষে পুলিশের ২ কর্মকর্তাসহ ৩০ জন আহত হয়েছেন। গোলাপগঞ্জে সংঘর্ষ চলাকালে ২৫টি অটোরিকশা ভাঙচুর করা হয়।
দক্ষিণ সুরমা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার লাউয়াই ও খোজারখলা গ্রাম দুটি পাশাপাশি অবস্থিত। সম্প্রতি খোজারখলা গ্রামের মানুষ তাঁদের গ্রামের প্রবেশমুখে একটি ফটক নির্মাণের উদ্যোগ নেন। তবে এ স্থান লাউয়াই গ্রামবাসী নিজেদের সীমানায় পড়েছে বলে দাবি করে নির্মাণকাজে বাধা দেন। এ ঘটনার জের ধরে গতকাল বেলা সোয়া দুইটার দিকে উভয় গ্রামের বাসিন্দারা সেখানে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ইটের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এখানে আসা পুলিশেরা জেলায় অতিরিক্ত পুলিশ পাঠানোর অনুরোধ জানায়। ওই খবর পেয়ে বেলা সোয়া তিনটার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত গ্রামবাসীর মধ্যে শাহ লুৎফুর, রুহেল, তানভীর, ইসমাইল চঞ্চল, আমীর, তোফায়েল, শাহাবউদ্দিনের নাম পাওয়া গেছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত দক্ষিণ সুরমা থানার সহকারী উপপরিদর্শক হান্নান ও কনস্টেবল মধুসূদন চৌধুরীকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের এক উপপরিদর্শক বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়েছে। ফের উত্তপ্তের ঘটনা এড়াতে বর্তমানে উভয় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন উর রশীদ বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যত দূর শুনেছি, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন।’
সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক শংকর চন্দ্র দাসসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল বেলা দুইটায় শহরের চৌমোহনী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে চৌমোহনী এলাকার একটি দোকানের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড় করিয়ে রাখাকে কেন্দ্র করে অটোরিকশার চালকদের সঙ্গে উপজেলার টিকরবাড়ী এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ২৫টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি ও পরিদর্শক (তদন্ত) মীর মোহাম্মদ আবদুর নাসের বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০০টি ফাঁকা গুলি ছুড়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।