ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে পৃথক স্থানে গত দুই দিনে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ৩৪ ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা এবং উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
এর মধ্যে গত সোমবার রাতে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউপিতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে ১২ জন আহত হন। গতকাল মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউপিতে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন চেয়ারম্যান প্রার্থীসহ আহত হন অন্তত ২০ জন। দশমিনা উপজেলার দশমিনা ইউপিতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, বরগুনা, পটুয়াখালী অফিস ও বাউফল (পটুয়াখালী) প্রতিনিধির পাঠানো খবর:
বরগুনা: সোমবার রাতে আমতলী উপজেলার তালুকদার বাজারে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে আহত ব্যক্তিরা হলেন শাহ আলম হাওলাদার, জাকির মৃধা, মাহাতাব, হানিফ গাজী, রোকন, শহীদ গাজী, রিন্টু মৃধা, শিবলী, দুলাল, হিমু মিয়া, আবুল বাশার ও মো. জুলহাস। তাঁদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, উপজেলার হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল ইসলামের এক সমর্থকের সঙ্গে সোমবার সকালে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন বিশ্বাসের এক সমর্থকের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তালুকদার বাজারের ব্যবসায়ী শাহ আলম মৃধার সারের দোকান ও খোকন মৃধার পেট্রলের দোকান ভাঙচুর করা হয়।
বাউফল (পটুয়াখালী): গতকাল দুপুরে বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাঁদকািঠ ঝাউতলা খেয়াঘাট এলাকায় সংঘর্ষ হয়। ধূলিয়া ইউপির আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে সাকিব (১৮), রুম্মান (২০) ও সুমন (২২) নামের তিন সহোদরকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল জব্বার মৃধা বলেন, আজ (গতকাল) ছিল প্রার্থী বাছাই। এ কারণে তিনি কয়েক ব্যক্তিকে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা চত্বরে পৌঁছান। সেখানে তাঁর সমর্থক ইমাম হোসেনকে আওয়ামী লীগের প্রার্থী মো. আনিচুর রহমান ও তাঁর সমর্থকেরা মারধর করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে না যাওয়ার হুমকি দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে ইমাম হোসেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বেলা একটার দিকে ঝাউতলা খেয়াঘাট এলাকায় আনিচুর রহমানের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় সাকিব, রুম্মান, সুমন, সমির, টিপু, কামাল, জয়ন্তসহ আট-দশজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এ ছাড়া তাঁর ছোট ভাইয়ের একটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়েছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আনিচুর রহমান বলেন, তিনিসহ কয়েকজন মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় ঝাউতলা খেয়াঘাট এলাকায় বিএনপির প্রার্থী আবদুল জব্বারের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে ও তাঁর ছেলে মান্না, চাচাতো ভাই মো. নজরুল, সাইমুন ও তানজিলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এ সময় তাঁদের একটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়। আরও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পটুয়াখালী: দশমিনা উপজেলার দশমিনা ইউপির আওয়ামী লীগের প্রার্থী গৌতম রায়ের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদের সমর্থকদের সংঘর্ষ হয়। সোমবার রাত আটটার দিকে আরজবেগি বাজারে গণসংযোগে দুই পক্ষের সমর্থকেরা মুখোমুখি হলে এই সংঘর্ষ বেধে যায়। তা প্রায় আধা ঘণ্টা চলে।
আওয়ামী লীগের প্রার্থী গৌতম রায় বলেন, দলীয় সমর্থন না পেয়ে ইকবাল মাহমুদের লোকজন তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়। পরে রাত সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তারা। এ সময় কার্যালয়ের সামনে থাকা আট থেকে দশটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ অভিযোগ অস্বীকার করে ইকবাল মাহমুদ পাল্টা অভিযোগ করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এ কারণে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আউয়াল হোসেন ও সাদ্দাম হোসেন নামের আমার দুই সমর্থক গুরুতর আহত হয়েছেন। তাঁরা এখন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।’
দশমিনা থানার ওসি মো. মনির হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনার তদন্ত চলছে।