পৃথক স্থানে গৃহবধূ খুন তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাঁঠালকান্দি গ্রামে গত শুক্রবার এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন রাতে কুরঞ্জী চা-বাগানে নিজ ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার জেলার কুলাউড়া উপজেলার ইটাখলা গ্রাম থেকে পুলিশ এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। একই দিন কিশোরগঞ্জের ভৈরব ঘাটে লঞ্চ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কমলগঞ্জ (মৌলভীবাজার): কাঁঠালকান্দি গ্রামে নিহত গৃহবধূর নাম আমিরুন বেগম (২২)। তাঁর বাবা ফরিদ মিয়া বলেন, বিভিন্ন সময়ে তাঁর মেয়েকে স্বামী ইউনুছসহ শ্বশুরবাড়ির লোকজন মারধর করতেন। শুক্রবার ভোরেও তাঁকে নির্যাতন করা হয়। নির্যাতনে জ্ঞান হারালে ইউনুছ সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিরুনকে মৃত ঘোষণা করেন। এ সময় ইউনুছ পালানোর চেষ্টা করলে তাঁকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে কুরঞ্জী চা-বাগানের ধীরেন মুন্ডার ঘর থেকে তাঁর স্ত্রী চা-শ্রমিক সুমিত্রা মুন্ডার (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রায় আট মাস আগে ধীরেনের সঙ্গে সুমিত্রার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। কমলগঞ্জ ওসি এনামুল হক বলেন, দুটি লাশই ময়নাতদন্তের জন্য গতকাল মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জুড়ী (মৌলভীবাজার): পুলিশ সূত্র জানায়, বাড়িতে একটি ঘরে বখতুন্নেছা সিদ্দিকী (৬০) একা থাকতেন। গতকাল দুপুরের দিকে কয়েকজন লোক বাড়ির কাছে একটি গাছের ডালে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বখতুন্নেছার লাশ ঝুলতে দেখেন। বিকেল পাঁচটার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কুলাউড়া থানার ওসি মতিয়ার রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ভৈরব (কিশোরগঞ্জ): পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার পর ভৈরব থেকে একই জেলার অষ্টগ্রামের আদমপুর ইউনিয়নে যাতায়াতকারী এমভি বৃষ্টি নামের লঞ্চটি ভৈরবের জলসীমা পার হওয়ার পর এক কর্মচারী কেবিনে লাশ দেখতে পান। গতকাল সকালে লঞ্চটি ভৈরবে ফিরলে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি প্যান্ট ও চেকশার্ট পরা ছিলেন। তাঁর পাশে একটি ছেঁড়া কাপড়ের পুঁটলি পাওয়া যায়।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।