পৃথক 'বন্দুকযুদ্ধে' নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ, যশোর ও রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। আর পাবনার ঈশ্বরদীতে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়েছেন পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামি কোয়েল হোসেন (৩০) এবং এক পুলিশ সদস্য। ঢাকার বাইরে থেকে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: টঙ্গিবাড়ী উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন সেন্টু ওরফে পিচ্চি সেন্টু (৩৪) নামের এক ব্যক্তি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর বলেন, সেন্টু কোনো পদে না থাকলেও বিএনপির কর্মী ছিলেন।
সেন্টুর স্ত্রী দিপা আক্তার গতকাল বৃহস্পতিবার কাছে অভিযোগ করেন, ‘বিএনপি করার কারণেই ক্রসফায়ারের নামে আমার স্বামীকে হত্যা করেছে পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনা সাজানো।’
যশোর: শার্শা উপজেলার পুটখালী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহাগ মৃধা ওরফে ইলিয়াস (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী সদরের কাঁচরন্দ গ্রামের আবদুল লতিফ মৃধার ছেলে।
রাজবাড়ী: সদর উপজেলার পূর্বপাড়া গ্রামে বুধবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একই উপজেলার বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা ওয়াহিদুল ইসলাম শাহিন ওরফে পিচ্চি শাহিন (৩০)। শাহিনের বিরুদ্ধে আটটি হত্যাসহ মোট ১৩টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
ঈশ্বরদী: এএসআই সুজাউল ইসলাম হত্যার মূল আসামি কোয়েল হোসেনকে গ্রেপ্তারের জন্য বুধবার রাত দুইটার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ রক্ষাবাঁধের পশ্চিম পারে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কোয়েল ও তাঁর সহযোগীরা গুলি চালান। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় কোয়েলের ডান পায়ের হাঁটুতে ও পুলিশ কনস্টেবল সাইদুলের বাঁ পায়ে গুলি লাগে। কোয়েলকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার পঙ্গু হাসপাতালে আর সাইদুলকে পাবনায় পাঠানো হয়।