পেঁয়াজের বস্তায় আগ্নেয়াস্ত্র

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পেঁয়াজের বস্তা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ঝিনাইদহ থেকে পেঁয়াজের বস্তা বুধবার দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর খেয়াঘাট পার করার পর বস্তা তল্লাশি করে তা উদ্ধার করা হয়। এ সময় মীরাপদ কুমার মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক মীরাপদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে। তাঁর বাবার নাম পঞ্চানন্দ কুমার মণ্ডল। পুলিশ বলেছ, মীরাপদ অস্ত্র ব্যবসায়ী।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সোনাকান্দর খেয়াঘাট এলাকায় মীরাপদের পেঁয়াজের বস্তায় তল্লাশি চালানো হয়। এ সময় বস্তা থেকে দুটি ওয়ান শুটার গান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। মীরাপদ চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।