প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়ায় এক ইউপি সদস্যের তিন শতাধিক ফলদ গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। লুট করা হয়েছে তাঁর মাছের ঘের।
গতকাল রোববার সকালে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাদশা মিয়া জানান, ৬০ শতক জায়গায় তিনি মাছের ঘের করেছেন। ঘেরের দুই পাড়ে কলা, আম, জাম, কুলসহ ১৫ প্রজাতির গাছ রয়েছে।
ইউপি সদস্য জানান, দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে ঘের থেকে মাছ লুট করেছে। যাওয়ার সময় ঘেরের পাড় ও পাশের ৩১৫টি ফলদ গাছ কেটে ফেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।