পেকুয়ায় কলেজশিক্ষককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আবদুল হামিদ সিকদারপাড়া গ্রামে গত বুধবার রাতে কলেজশিক্ষক এস এম ফরহাদ উদ্দিনকে (৩৩) গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর বোন নাছিফা নূরকে কুপিয়ে জখম করা হয়।
ফরহাদ চট্টগ্রামের শারমন স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের প্রভাষক ছিলেন। নাছিফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী।
ফরহাদের বাবা ইউনুছ আহমদের ভাষ্যমতে, ফরহাদ বুধবার রাত পৌনে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনের সড়কে তাঁর (ফরহাদ) জেঠাতো ভাই সালেহ জঙ্গি কিরিচ নিয়ে ফরহাদের ওপর হামলা চালান। এ সময় ফরহাদের চিৎকার শুনে এগিয়ে যান নাছিফা। এ সময় নাছিফাকে কিরিচ দিয়ে আঘাত করা হয়। এরপর সালেহ দৌড়ে পালিয়ে যান।
ফরহাদের ভাই মিনহাজ উদ্দিন জানান, পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে আবারও অস্ত্র নিয়ে ফিরে আসেন সালেহ। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ফরহাদকে লক্ষ্য করে গুলি চালান তিনি। এরপর সালেহ তাঁর স্ত্রীসহ অটোরিকশায় পালিয়ে যান। পরে প্রতিবেশীরা ফরহাদ ও নাছিফাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রেজাউল হাসান জানান, ফরহাদের পিঠ দিয়ে গুলি ঢুকে বুক দিয়ে বেরিয়ে গেছে। তিনি জানান, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মিনহাজ উদ্দিন জানান, সালেহ অনেক দিন ধরে তাঁদের ২৩ শতক জমি দখল করে রেখেছেন। সালেহ সন্ত্রাসী বলে এ ব্যাপারে তাঁরা মাথা ঘামাননি। এর পরও হঠাৎ তাঁর (সালেহ) এভাবে ক্ষিপ্ত হওয়ার কারণ সম্পর্কে তাঁরা কিছু বুঝতে পারছেন না।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় লোকজন ও নিহত ফরহাদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, চাচাতো ও জেঠাতো ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে। এ ছাড়া নিহত ফরহাদের ঘরের ওপর দিয়ে সালেহর ঘরে বৈদ্যুতিক তার গেছে। ঘর মেরামতের জন্য সালেহকে ওই তার সরিয়ে নিতে বলেন ফরহাদ। বিষয়টি নিয়ে বুধবার সকালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাতে একা বাড়ি ফেরার পথে ফরহাদকে গুলি করে পালিয়ে যান সালেহ।
মো. মাসুদ আলম জানান, সালেহর বিরুদ্ধে চার থেকে পাঁচটি মামলা আছে। তাঁকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদ উল্যাহ জানান, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে সালেহর মুঠোফোনে যোগাযোগ করে তা বন্ধ পাওয়া যায়। তাঁর বাড়িতে গিয়ে ঘর তালাবদ্ধ পাওয়া যায়।