পেকুয়ায় খননযন্ত্র ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী পুলিশ ফাঁড়ির নায়েক জহুরুল আলমকে পিটিয়ে জব্দ করা খননযন্ত্র (এক্সকাভেটর) ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছে পুলিশ।
ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ বাদী হয়ে গত বুধবার রাতে মামলাটি করেন।
মামলায় রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার ওরফে বদু, আওয়ামী লীগের স্থানীয় নেতা ছৈয়দ নুর, ইউপি সদস্য আজম উদ্দিন, একাধিক ডাকাতি মামলার আসামি মোহাম্মদ বাদশা, মনিরুজ্জামান, মো. আলম, জাগের হোছাইনসহ ২১ জনকে আসামি করা হয়। মামলায় আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বদিউল আলম নামের একজনকে গ্রেপ্তার দেখিয়েছে।
পুলিশের দাবি, বদিউল পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার উত্তর বুড়িরচর গ্রামে।
গত মঙ্গলবার রাতে রাজাখালী এরশাদ আলী ওয়াক্ফ এস্টেটের জমির ওপর অনুমতি ছাড়া সংরক্ষিত নারী আসনের সাংসদ ওয়াসিকা আয়েশা খানের কাছ থেকে ছয় টন খাদ্যশস্য বরাদ্দ নিয়ে মাটি কেটে একটি নতুন সড়ক নির্মাণ করা হচ্ছিল।
রাজাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা খবর পেয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত খননযন্ত্রটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসে। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে নুরুল আবছার, ছৈয়দ নুর ও আজম উদ্দিনের নেতৃত্বে দেড় শতাধিক মানুষ হামলা করে খননযন্ত্রটি ছিনিয়ে নিয়ে যায়।
ওই সময় পুলিশের নায়েক জহুরুল আলমকে বন্দুক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সশস্ত্র লোকজন। পেকুয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে জহুরুলকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পুলিশের কর্তব্যকাজে বাধা ও হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা করা হয়। বুধবার রাতে অভিযান চালিয়ে এক্সকাভেটরটি উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় জড়িত বদিউল আলমকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।