পেকুয়ায় গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিংড়ি ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে কক্সবাজারের পেকুয়া উপজেলার ছিরাদিয়া গ্রামে গতকাল মঙ্গলবার গুলিতে কফিল উদ্দিন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তদের গুলিতে ১০ জন আহত হন। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ছিরাদিয়া গ্রামের আজম খান ও কাইছার উদ্দিন নামের দুই ব্যক্তির মধ্যে চিংড়ি ঘের নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত কফিল উদ্দিনের বাড়ি ছিরাদিয়া গ্রামে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, ছিরাদিয়া এলাকায় সরকারি জমিতে একটি চিংড়ি ঘের আছে। ঘেরটি দীর্ঘদিন ধরে পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজম খানের নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি আজম খানকে হটিয়ে তাঁর ভাগনে মো. কাইছার উদ্দিন ঘেরটি দখলে নেন।
প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্য অনুযায়ী, গতকাল সকাল আটটায় কাইছার উদ্দিন চিংড়ি ঘেরে জাল বসান। এ নিয়ে আজম খানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাইছারের লোকজন এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে কফিল উদ্দিন নিহত ও ১০ জন আহত হন। নিহত ও আহত ব্যক্তিরা আজম খানের পক্ষের লোকজন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন আজম খান (৪৫), তাঁর ভাই মোহাম্মদ বাবুল (৫৫), জয়নাল আবেদিন (৪০), জয়নালের স্ত্রী সাজেদা বেগম (৩০) ও মেয়ে জয়নাব বেগম (১১), মিনা আকতার (৩০), নিলুফা আকতার (১১), মো. বাপ্পী (২২), মো. মোরশেদ (১৯), মকসুদ আলম (৩৫)। তাঁদের মধ্যে জয়নাল, বাপ্পী, মোরশেদ, মকসুদ, জয়নাব ও সাজেদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ সূত্র জানায়, পুলিশ ঘটনাস্থলে গেলে অস্ত্রধারী ব্যক্তিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ একজনকে আটক ও তিনটি কিরিচ উদ্ধার করে।
পুলিশ জানায়, পালিয়ে যাওয়ার পথে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের গান্ধিরপাড়া এলাকা থেকে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ সাতজনকে আটক করে। অভিযানের সময় পায়ে আঘাত পান মো. মাসুদ আলম ও চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামরুল আজম। তাঁরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন মো. কাইছার উদ্দিন (৩৫), মো. ইমরান (২৫), সাইফুল ইসলাম (২০), আবদুল আলিম (২৯), আবদুর রহিম (৩৫), মো. ইউনুছ (২০), মো. সাইফুল ওরফে সাইফু (২৯) ও শহিদুল ইসলাম (২২)।
সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, কফিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা প্রাথমিকভাবে গোলাগুলির ঘটনায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।