পেকুয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজার এলাকায় এস্তফা বেগম (২০) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এক বছর আগে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের সিকদারপাড়ার শহিদুল ইসলামের সঙ্গে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের খাতুর বাপের পাড়ার এস্তফা বেগমের বিয়ে হয়। শহিদুল রাজাখালীর সবুজ বাজারের একটি বেকারিতে কাজ করেন। সে সুবাধে সেখানে বাসা ভাড়া করে বসবাস করে আসছিলেন শহিদুল-এস্তফা দম্পতি।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, দুই মাস ধরে শহিদুল ৫০ হাজার টাকা যৌতুকের জন্য এস্তফাকে নির্যাতন করে আসছিলেন। নির্যাতনের মুখে পাঁচ মাস পর টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন এস্তফার বাবা ছবির রহমান। কিন্তু গতকাল ভোরে এস্তফাকে গলা টিপে হত্যা করেন তাঁর স্বামী।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব প্রথম আলোকে জানান, এ ঘটনায় ছবির রহমান থানায় মামলা করেছেন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মর্গে পাঠানো হয়েছে। পরে অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করা হয়।