পেকুয়ায় দুই নারীকে মারধর মাছ-গাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী গ্রাম থেকে গতকাল শনিবার মাছ ও গাছ লুট করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আয়েশা বেগম (২৮) ও তাঁর ননদ নিলুফা আকতার (৩২) আহত হয়েছেন। তাঁদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ধারালো অস্ত্রসজ্জিত কয়েকজন দুর্বৃত্ত আয়েশা বেগমের পুকুরে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে। এতে বাধা দিলে দুর্বৃত্তরা আয়েশাকে কুপিয়ে আহত করে। এ সময় নিলুফা আকতার এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাঁকেও মারধর করে। তাঁদের হাসপাতালে নেওয়ার পর দুর্বৃত্তরা পুকুরে জাল ফেলে মাছ লুটে নিয়ে যায়। এ ছাড়া দুর্বৃত্তরা অন্তত ১০টি গাছ কেটে নিয়ে গেছে।
আয়েশা বেগম বলেন, বসতভিটা নিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁদের বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।