পেকুয়ায় নয় যানবাহনে ভাঙচুর-আগুন, দগ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় আটটি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের মালিকানাধীন একটি পিকআপে আগুন দেয় তারা। এতে সময় গাড়ি চালকের সহকারী আমির হামজা দগ্ধ হন। আজ বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।

আজ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে পেকুয়ার মিয়া পাড়া এলাকায় একটি অটোরিকশা, একটি মাহেন্দ্র এবং চৈরভাংগা সেতু সংলগ্ন এলাকায় তিনটি অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ছাড়া আজ সকালে চড়াপাড়া এলাকায় একটি ট্রাক এবং দুইটি অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা।

রাত পৌনে ১০ টায় পেকুয়া-বরইতলী সড়কের পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার সামনে উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের মালিকানাধীন একটি পিকআপে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে পিকআপটি পুড়ে যায়। জাহাঙ্গীর আলম বলেন, ‘উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরান জাদিদ, যুবদল নেতা জয়নাল আবেদিন ও নুরুল আবছার মানিকের নেতৃত্বে সন্ত্রাসীরা গাড়িটিতে আগুন দিয়েছে।

তবে কামরান জাদিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তাঁরা কোনো গাড়ি পোড়াননি। তাঁর বিরুদ্ধে মামলা দেওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

এদিকে গতকাল বুধবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে আটকের খবরে তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন জায়গায় ৩৮টি যানবাহন ভাঙচুর করে ছাত্রদল এবং বিএনপি নেতা-কর্মীরা।