পেকুয়ায় সাড়ে তিন হাজার পেঁপেগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের তারাবনিয়া পাড়া এলাকায় দুটি বাগানের ৩ হাজার ৬০০ পেঁপেগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাগানমালিক পেকুয়া থানায় গতকাল বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেছেন। ২৫ আগস্ট বিকেলে এ ঘটনা ঘটে।
২০১৪ সালে তারাবনিয়া পাড়া এলাকায় জামাল হোসেনসহ কয়েকজন মিলে দুটি বাগানে পেঁপে চাষ করেন। গত জুলাই মাস থেকে বাগানের পেঁপে বিক্রি শুরু করেন তাঁরা।
শিক্ষক জামাল হোসেন বলেন, পেঁপে বাগান দুটি করা হয় দুর্গম পাহাড়ের জমিতে। বাগানের পেঁপে বড় হলে পাহাড়ি এলাকার আশপাশের কয়েকটি সন্ত্রাসী চক্র দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ২১ আগস্ট ওই সন্ত্রাসী চক্রের লোকজন বাগান থেকে কয়েক শ কেজি পেঁপে নিয়ে যায়। এই পেঁপে বিক্রি করার সময় পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আইয়ুব খান বলেন, জোর করে গাছ থেকে পেঁপে ছিঁড়ে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় নেছারউদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নেছারসহ ১০ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করেন জামাল হোসেন।
জামাল হোসেন বলেন, মামলা করায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী চক্রের লোকজন দুটি পেঁপে বাগানের ৩ হাজার ৬০০ পেঁপেগাছ কেটে ফেলে। এ ঘটনায় পেকুয়া থানায় অভিযোগ করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পেঁপেগাছ কেটে ফেলার বিষয়টির তদন্ত শুরু হয়েছে।