পেকুয়ায় সামাজিক বনায়নের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের পহরচাঁদা এলাকার তারালবনিয়া গ্রামে তিন মাস ধরে সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড় করছে দুর্বৃত্তরা। একটি সংঘবদ্ধ চক্র বনের জায়গা দখল করতে বন পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে। 
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, তারালবনিয়া এলাকায় ২০০৬ সালে সৃজিত বিশাল একটি বাগানের ভেতরে চার-পাঁচ ফুট পর পর পড়ে রয়েছে কাটা গাছের গোড়ালি। এ রকম অন্তত তিন শতাধিক গাছের গোড়ালি বাগানটিতে দাঁড়িয়ে আছে। একইভাবে পার্শ্ববর্তী আরও দুটি বাগান থেকে এভাবে কেটে নিয়েছে চার শতাধিক গাছ।
একটি বাগানের অংশীদার মো. কামাল হোসেন (৪৪) বলেন, তিন মাসে তাঁর বাগান থেকে কেটে নিয়েছে অন্তত ২০০ গাছ। যেসব দুর্বৃত্ত এসব গাছ কাটছে, তারা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বনে প্রবেশ করে। এদের প্রতিরোধের কোনো সুযোগ নেই।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আবুল কাশেম নামের এক ব্যক্তি গাছ কাটার সময় দুর্বৃত্তদের বাধা দেওয়ায় তাঁর ঘরটি জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এখন জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।
রফিকুল ইসলাম (৪২) নামের সামাজিক বনায়নের এক অংশীদার বলেন, তিন মাসে তাঁর বাগান থেকে অন্তত ৩০০ গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসব গাছের সঙ্গে তাঁর পরিবারের রক্তঝরা ঘাম জড়িয়ে আছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বন বিভাগ এসব চিহ্নিত দুর্বৃত্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আমাদের গাছগুলো কাটা পড়ত না।
স্থানীয় পহরচাঁদা বন বিটের ভারপ্রাপ্ত বনকর্মকর্তা মো. হারুনর রশিদ প্রথম আলোকে বলেন, তারালবনিয়া এলাকায় বনায়নের কিছু কাটা গাছ জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার পাল প্রথম আলোকে বলেন, দুই পক্ষের দ্বন্দ্বের কারণে তারালবনিয়া এলাকায় সামাজিক বনায়নের গাছ কাটা যাচ্ছে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে চার-পাঁচটি মামলা হয়েছে। এখন শুনেছি ওখানে আরও গাছ কাটা হয়েছে, সেটির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বলেও জানান।