পেকুয়া আওয়ামী লীগের সভাপতির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহাবউদ্দিন ফরায়েজী
সাহাবউদ্দিন ফরায়েজী

কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজীর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাঁকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর রাত সাড়ে আটটা পর্যন্ত মুঠোফোনে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।
গতকাল বুধবার ভোরে উপজেলার টৈটং ইউনিয়নের বটতলি ছড়া থেকে সাহাবউদ্দিনের লাশ উদ্ধার করা হয়। একই ইউনিয়নের সোনাইছড়ি গ্রামে তাঁর বাড়ি।
সাহাবউদ্দিন হত্যার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় পেকুয়া বাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
নিহত সাহাবউদ্দিনের পরিবারের সদস্যরা বলেন, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে তিনি পাশের হাজিবাজারে যান। সেখানে তিনি একটি দরজির দোকানে রাত আটটা পর্যন্ত আড্ডা দেন। পরে একটি অটোরিকশা নিয়ে বটতলি এলাকায় যান। সেখানে অটোরিকশাচালককে রাস্তায় দাঁড় করিয়ে রেখে পাশের পাহাড়ি এলাকায় যান। ওই পাহাড়ে দুটি বাড়ি রয়েছে। রাত ১২টা পর্যন্ত অপেক্ষার পর তিনি ফিরে না আসায় অটোরিকশাচালক জসিম উদ্দিন চলে যান। সকালে বটতলির একটি পাহাড়ি ছড়া থেকে সাহাবউদ্দিনের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, মঙ্গলবার মধ্যরাতে সাহাবউদ্দিনকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের কিছু অংশ ঝলসে দেওয়া হয়েছে। তবে বড় কোনো আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক অটোরিকশাচালক ও দুই নারীকে আটক করা হয়েছে।
সাহাবউদ্দিনের ছেলে মেহেদি হাসান ফরায়েজী বলেন, রাত সাড়ে আটটায় তাঁর বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন তাঁর মা। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অনেক রাত হওয়ার পরও তাঁর বাবা ঘরে ফিরে না আসায় তাঁরা বিভিন্ন জায়গায় খোঁজ করেন। পরে স্থানীয় লোকজন ভোরে বটতলী ছড়ায় তাঁর বাবার মরদেহ পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেন। তাঁরা অভিযোগ করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁর বাবার দাড়ি, বুক ও দুই পায়ের ঊরুতে পোড়া দাগ রয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় সাহাবউদ্দিনের মরদেহের কিছু অংশে পোড়া দাগের মতো দেখা গেছে। তবে বড় কোনো আঘাতের চিহ্ন ছিল না।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার থাকায় সাহাবউদ্দিনকে হত্যা করা হয়েছে।
পেকুয়ার উপজেলার টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিহতের ভাগনে জাহেদুল ইসলাম চৌধুরী দাবি করেছেন, তাঁর মামাকে বিশ্বস্ত লোক দিয়ে ডেকে নিয়ে হত্যার পর লাশ ছড়ায় ফেলে দেয়।
লাশ উদ্ধারের বিষয়ে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত কীভাবে সাহাবউদ্দিন মারা গেছেন, তা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে কয়েকটি বিষয় সামনে রেখে পুলিশ তদন্ত করছে।
অটোরিকশাচালক জসিম উদ্দিন পেকুয়া থানায় সাংবাদিকদের বলেন, সাহাবউদ্দিনকে তিনি বটতলী এলাকায় নামিয়ে দেন। রাত ১২টা পর্যন্ত ফিরে না আসায় তিনি বাড়িতে চলে যান। এর বেশি কিছু তিনি জানেন না।
আটক দুই নারী শামারু বেগম ও নুরবানুর বাড়ি বটতলি পাহাড়ে। থানায় সাংবাদিকদের দুজনে বলেন, সাহাবউদ্দিন ফরায়েজী তাঁদের বাড়িতে যাননি।