কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতির পিকআপ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। মামলায় আসামি করা হয়েছে উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাহাদুর শাহকেও। গত শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে।
মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরান জাদিদ, পেকুয়া সদর পূর্ব জোন বিএনপির সভাপতি মাহবুবুল করিম, পশ্চিম জোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইউছুফ রুবেল, সদর যুবদলের সভাপতি জয়নাল আবেদিন, উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদকে আসামি করা হয়। অন্য আসামিরা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) বিমল কান্তি দেব জানান, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা গাড়ি পোড়ালেও পুলিশ আসামি করেছে বিএনপি নেতা-কর্মীদের। এভাবে মামলা, হামলা ও হয়রানি করে আন্দোলন দমানো যাবে না।’
এদিকে গত শুক্রবার বিকেল পাঁচটায় আটক উপজেলা জামায়াতের আমির ও মেহেরনামা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।