পেকুয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে র্যাব-৭-এর একটি দল অভিযান চালিয়ে মোহাম্মদ হাসেম (২৭) নামের ওই যুবককে গ্রেপ্তার করে। হাশেমের বাড়ি মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়ায়।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল মাহমুদ বলেন, চিংড়ি ঘের দখল-বেদখল নিয়ে ঘের-লাগোয়া পোলট্রি খামারে অবৈধ অস্ত্র মজুত করা হয়েছে—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পোলট্রি খামারের মালিক র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে ওই খামার থেকে হাসেমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ওই খামার থেকে দেশে তৈরি দুটি লম্বা বন্দুক, দুটি ওয়ান শুটারগান ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনজুর কাদের মজুমদার বলেন, হাসেমকে অস্ত্রসহ গতকাল শুক্রবার বিকেলে থানায় হস্তান্তর করা হয়েছে।