পেকুয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে পিটিয়ে হত্যা
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতারদিয়া এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত মোকতার আহমদের বাড়ি টৈটং ইউনিয়নের দরগামোড়া এলাকায়। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে তিনি পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পেকুয়া থানার এসআই কামরুল হাসান বলেন, নিহত ব্যক্তির মাথা ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। এ ছাড়া শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন দেখা গেছে। তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মোকতারের ভাই দেলোয়ার হোসেন বলেন, মোকতারের সঙ্গে তাঁর ভায়রা মো. বাদশার টাকার লেনদেন আছে। এ কারণে গত রোববার সন্ধ্যায় মোকতার মগনামার নাপিতারদিয়া এলাকায় বাদশার বাড়িতে যান। সেখানে বাদশার সঙ্গে মোকতারের বাগ্বিতণ্ডা হয়। এ সময় বাদশা ও তাঁর আত্মীয়স্বজনেরা মোকতারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। রাতে পল্লি চিকিৎসকের বাড়িতে নিয়ে মোকতারের চিকিৎসা করানো হয়। সোমবার সকালে মোকতারের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দুপুর দেড়টার দিকে মোকতার মারা যান।
পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, মোকতারের মৃত্যুর সংবাদ পাওয়ার পর বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে।