অস্ত্রধারীদের ভাড়ায় এনে ও পুলিশের সহযোগিতায় কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব ভারুয়াখালী গ্রাম থেকে তিন একর জমির পাকা ধান লুট করার অভিযোগ পাওয়া গেছে। ওই সময় বিরোধী দুই পক্ষের মধ্যে অন্তত পাঁচ-ছয়টি গুলি বিনিময় হয়েছে।
জানা গেছে, পূর্ব ভারুয়াখালী গ্রামের আবদুল মাবুদ ও পেকুয়া সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের আবদুর রহিম ওরফে নাগুর মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত সোমবার দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় আবদুর রহিমের লোকজন গত মঙ্গলবার রাতে থানায় মামলা করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মামলার পর গতকাল বুধবার সকাল থেকে বেলা একটা পর্যন্ত আবদুর রহিমের পক্ষে অস্ত্রধারী ২৫ থেকে ৩০ জন লোক পিকআপে করে গিয়ে তিন একর জমির পাকা ধান লুট করে নিয়ে যায়। ওই সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে গোলাগুলিও হয়।
আবদুল মাবুদ অভিযোগ করেন, পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলের অন্তত ২০০ ফুট দূরে দাঁড়িয়ে থেকে সশস্ত্র লোকজনকে ধান লুট করে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। পুলিশ আবদুর রহিমের পক্ষ নেওয়ায় প্রায় তিন একর জমির পাকা ধান সহজেই লুট করে নিয়ে যেতে পেরেছে। বিষয়টি জানাজানি হলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব ঘটনাস্থলে গিয়ে কাটা ধানবোঝাই একটি পিকআপ জব্দ করেন।
জানা গেছে, বিরোধপূর্ণ জমি ছাড়াও ওই বিলের কৃষক আজিম উদ্দিন ওরফে আজুর ৬০ শতক, আহমদ হোসেনের ৮ শতক, নেজাম উদ্দিনের ২০ শতক, মাহাবুবের ৪০ শতক ও জসিম উদ্দিনের ৮ শতক জমির পাকা ধান কেটে পিকআপ ভরে নিয়ে গেছে সশস্ত্র লোকজন।
ক্ষতিগ্রস্ত এসব কৃষক বলেন, বিরোধপূর্ণ জমির পাশে তাঁদের ধান থাকায় অস্ত্রধারীরা তাঁদের জমির ধানও একসঙ্গে কেটে নিয়ে গেছে। অস্ত্রধারীরা বিভিন্নভাবে ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত।
পেকুয়া থানার উপপরিদর্শক আবদুল মতিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে সহায়তা দিতে সেখানে যাইনি, আসামি ধরতে গিয়েছিলাম। ধান লুটের বিষয়টি আমার জানা নেই।’
পেকুয়া থানার ওসি আবদুর রকিব প্রথম আলোকে বলেন, ‘পুলিশের সহযোগিতা করার কথা ভিত্তিহীন। আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে কাটা ধানভর্তি পিকআপ জব্দ করে থানায় নিয়ে এসেছি।’