পেকুয়ায় গুলি ছুড়ে বসতঘরে লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার পাহাড়ি ইউনিয়ন শিলখালীর তারাবনিয়ারছড়া এলাকায় গুলি ছুড়ে পাঁচটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গতকাল শনিবার বেলা ১১টার দিকে পহরচাঁদার আফালিয়াকাটা এলাকার ২০-৩০ জন দুর্বৃত্ত দেশে তৈরি বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে পাঁচটি বসতঘরে হামলা করে। তারা কয়েকটি ফাঁকা গুলিবর্ষণ করে লোকজনকে তাড়িয়ে বসতঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। ওই সময় তারাবনিয়ারছড়া এলাকার মনিরুজ্জামানের ছেলে মোজাফ্ফর আহমদ, তাঁর ছেলে রফিকুল ইসলাম, নাজেম উদ্দিন, মোহাম্মদ হোছাইনের ছেলে আবদুল মজিদ, আবদুল বারীর ছেলে কামাল হোসেনের বসতঘর ভাঙচুর করা হয়।
ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক মোজাফ্ফর আহমদ বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা পাঁচটি বসতঘরের ছাউনি, তিনটি বসতঘরের দরজা ও ঘরের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ ছাড়া স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত আরেকটি বসতঘরের মালিক কামাল হোসেন বলেন, সন্ত্রাসীরা বসতঘরের পাশে সৃজিত কলা ও লিচুবাগান কেটে ফেলে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পরপরই পেকুয়া থানার উপপরিদর্শক আবদুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।