পেকুয়ায় ছাত্র-শ্রমিক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক স্কুলছাত্রকে মারধরের জের ধরে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের চৌমুহনীতে সড়ক অবরোধ করে পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশনের ছাত্ররা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবিটি গতকাল বেলা ১১টায় তোলা l প্রথম আলো
এক স্কুলছাত্রকে মারধরের জের ধরে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের চৌমুহনীতে সড়ক অবরোধ করে পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশনের ছাত্ররা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবিটি গতকাল বেলা ১১টায় তোলা l প্রথম আলো

নবম শ্রেণির এক ছাত্রকে মারধরের জের ধরে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের চৌমুহনীতে গতকাল রোববার এক দল ছাত্র ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা অন্তত ৩০ মিনিট পেকুয়া-বরইতলী সড়ক অবরোধ করে রাখে। এতে পেকুয়া বাজার থেকে মাতবরপাড়া পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশনের ছাত্র ও শিক্ষকেরা জানান, গত শনিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর সিএনজি চালিত অটোরিকশাযোগে পেকুয়া চৌমুহনী থেকে টৈটংয়ের হাজীরবাজার যায় ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্র। এ সময় ভাড়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চালক ছাত্রটিকে মারধর করেন বলে অভিযোগ করে তারা।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, চালকের সঙ্গে ঝগড়ার বিষয়টি ওই ছাত্র তার সহপাঠীদের জানালে বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী পেকুয়া চৌমুহনী মোড়ে অবস্থান নেয়। এ সময় কয়েকজন অটোরিকশা চালককে মারধর করা হয়। পরে পরিবহন শ্রমিকেরাও ছাত্রদের ওপর চড়াও হন। এ সময় পেকুয়া-বরইতলী সড়কের ওপর অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাঠিপেটা ও সংঘর্ষে ছাত্র-শ্রমিকসহ অন্তত ৩০-৩৫ জন সামান্য আঘাত পেয়েছে। এ ঘটনার সময় পুলিশের হাতে একজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন।

পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষের চিত্র ধারণ করতে গিয়ে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার পেকুয়া প্রতিনিধি মো. জুবাইদ পুলিশের হাতে লাঞ্ছিত হন। কয়েকজন পুলিশ সদস্য তাঁকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেন।’

পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অটোরিকশা চালক কর্তৃক এক ছাত্রকে মারধরের জের ধরে শ্রমিকের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। ওই সময় ছাত্ররা আধঘণ্টা মতো সড়ক অবরোধ করে। একপর্যায়ে পুলিশ গিয়ে লাঠিপেটা করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। ’

পেকুয়া-বরইতলী সড়ক সিএনজি অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক প্রথম আলোকে বলেন, ছাত্ররা বিদ্যালয় থেকে বের হয়ে শ্রমিকদের ওপর হামলা ও সড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। কোনো শ্রমিক ছাত্রের গায়ের ওপর হাত তোলেনি বলেও দাবি করেন তিনি।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার প্রথম আলোকে বলেন, ঈদের মৌসুমে ছাত্ররা সড়ক অবরোধ করায় চৌমুহনীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে ছাত্র ও শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় বিক্ষোভকারী ছাত্রদের উসকে দেওয়ায় একজন সংবাদকর্মীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত বাদানুবাদ হয়। তবে মারধর বা ক্যামেরা কেড়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।