পেকুয়ায় ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়ায় ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল নয়টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাইম্যাখালী গ্রামের নুরুল আলম ও দিলোয়ারা বেগম দম্পতির ছেলে আজিজুর রহমান (২৫)। নুরুল আলম বলেন, দিলোয়ারাকে মাথায় কোপ দিয়ে হত্যা করা হয়েছে। ছয় মাস আগে আজিজুর তাঁর স্ত্রীকেও কুপিয়ে জখম করে। এ ঘটনায় সে জেলও খাটে।
স্থানীয় বাসিন্দারা বলেন, আজিজুর মাদকাসক্ত। আজ সকালে মাদক কিনতে মা দিলোয়ারার কাছ থেকে টাকা চান। এ সময় মা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা ধারালো দা নিয়ে মায়ের মাথায় কোপ দেন আজিজুর। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, ঘটনার পরপরই আজিজুর পালিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাবা নুরুল আলম বাদী হয়ে ছেলে আজিজুরের বিরুদ্ধে মামলা করেছেন।