পেকুয়ায় ডাকাত গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়ায় এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ডাকাতের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে দুটি কার্তুজসহ দেশে তৈরি একনলা একটি বন্দুক (এলজি)।

গ্রেপ্তার ডাকাতের নাম আরমান আলম ওরফে আলম ডাকাত (৩০)। তিনি উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ার ওবায়দুল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে চকরিয়া পৌর এলাকা থেকে আলম ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ সোমবার ভোরে তাঁকে নিয়ে তাঁর বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বসতঘর থেকে উদ্ধার করা হয় একটি একনলা দেশে তৈরি বন্দুক ও দুটি কার্তুজ।

স্থানীয় লোকজন জানান, আলম ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ ছিল গ্রামের মানুষ। তাঁর গ্রেপ্তারের খবরে গ্রামের লোকজন খুব খুশি মানুষ।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, আলম ডাকাতকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। গতকাল তাঁকে গ্রেপ্তারের পর অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
ওসি বলেন, আলম ডাকাতের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা, কবর খুঁড়ে হুমকি, এক নারীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টাসহ অন্তত অর্ধডজন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া একাধিক ডাকাতি মামলাও রয়েছে আলম ডাকাতের বিরুদ্ধে।