পেকুয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১৮
কক্সবাজারের পেকুয়া উপজেলায় দুই দফা সংঘর্ষে এক স্কুলছাত্রসহ ১৮ জন গুলিবিদ্ধ হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টা ও গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে। একই ঘটনায় তিনটি বসতঘর ও চারটি দোকান ভাঙচুর করা হয়।
গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় গতকাল রাত ৮টা পর্যন্ত মামলা হয়নি।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। কয়েক মাস ধরে মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরাফত উল্লাহ ও মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজিমের বিরোধ চলছে। শরাফত বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেন। গত শনিবার রাতে আবু হানিফ নামের আজিমের একজন সমর্থক ফুলতলা স্টেশনে গেলে তাঁকে আটকে রাখা হয়। আজিমের সমর্থকেরা তাঁকে ছাড়িয়ে আনতে গেলে সংঘর্ষ লেগে যায়। একপর্যায়ে শুরু হয় গোলাগুলি। ওই সময় চারটি দোকান ও তিনটি বসতঘর ভাঙচুর করা হয়। এই স্টেশনে দোকান রয়েছে প্রায় ৭০টি।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, গুলিবিদ্ধ মোকতার আহমদ (৩৮), তাঁর ভাই ফজল করিম (১২), মোহাম্মদ আব্দুল্লাহ (২৪), আসহাব উদ্দিন (৩০), আবু হানিফ (৩২) ও জসিম উদ্দিনকে (৫০) উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১২ জনের চিকিৎসা চলছে স্বাস্থ্য কমপ্লেক্সে। সবার পিঠ, গলা ও ঊরুতে ছররা গুলি লেগেছে।
আহতদের মধ্যে ফজল করিম উত্তর মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে যায়।
গতকাল রোববার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যান পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব উল করিম। তিনি এ ব্যাপারে কথা বলার জন্য ফুলতলা স্টেশনে আজিমকে ডেকে আনেন। ওই সময় শরাফতের পক্ষের লোকজন স্টেশনের পাশের বহদ্দারপাড়ায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়েন এবং এক ব্যক্তির বসতঘরে ভাঙচুর চালান। তখন গুলিতে আহত হন চারজন।
ইউএনও মো. মাহবুব উল করিম বলেন, অন্তত আধা কিলোমিটার দূর থেকে গুলির শব্দ শোনা গেছে।
জানতে চাইলে আনোয়ারুল আজিম বলেন, ‘মগনামার শাহ রশিদিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পদে স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতারা আমার নাম সুপারিশ করেন। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান বিরোধিতা করছেন। এছাড়া আমরা কয়েকজন মিলে চেয়ারম্যানের অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন দপ্তর ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি।’
তবে ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ বিরোধের বিষয়টিকে অস্বীকার করেন। তিনি বলেন, আনোয়ারুল আজিমের সঙ্গে বেড়িবাঁধের স্লুইসগেট গেট খোলা ও বন্ধ রাখা নিয়ে মৎস্যঘেরের মালিকদের সঙ্গে বিরোধ চলছে।
তবে অস্ত্রধারী দুজনই তাঁদের সমর্থক নয় বলে দাবি করেন। আনোয়ারুল আজিমের বাড়ি ফুলতলা স্টেশনের পাশে বহদ্দারপাড়া ও শরাফত উল্লাহর বাড়ি তিন কিলোমিটার দূরের সিকদারপাড়া এলাকায়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রধারীদের এখন তালিকা পেয়েছি। শিগগিরই অভিযান হবে।’