পেকুয়ায় দুই বাহিনীর হামলায় বৃদ্ধ নিহত, আহত ৮, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী এলাকায় দা বাহিনী ও বোরকা বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে সশস্ত্র হামলায় উকিল আহমদ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ওই সময় আরও আটজন আহত হন।
গত শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উকিল আহমদের মৃত্যু হয়। ওই দিন বেলা দুইটায় বটতলী স্কুল মাঠে দা বাহিনীর সশস্ত্র হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ওই রাতেই মো. পারভেজ (৩০), মো. তারেক (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, টৈটং এলাকায় গত তিন বছর ধরে ডাকাতসর্দার নাছির উদ্দিনের নেতৃত্বে ‘দা বাহিনী’ একের পর এক অপকর্ম করছে। এ বাহিনীকে ঠেকাতে টৈটংয়ের ইউপি সদস্য শাহাদাত হোসেন ও আবদুল জলিলের নেতৃত্বে গড়ে তুলেছে বোরকা বাহিনী। দা বাহিনী ও বোরকা বাহিনীর মধ্যে শুরু হয় আধিপত্য বিস্তারের লড়াই। গত ১৯ জুলাই এ দুই বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে দা বাহিনীর প্রধান নাছিরের নেতৃত্বে ১৩ জন সশস্ত্র ব্যক্তি গত শুক্রবার বেলা দুইটায় বোরকা বাহিনীর আবদুল জলিলের বাড়িতে হামলা করে। এ সময় জলিলের বৃদ্ধ বাবা উকিল আহমদকে বন্দুক ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত নয়টায় তাঁর মৃত্যু ঘটে।
সন্ত্রাসীরা আজিজুর রহমানের দোকান ও জহির আলম প্রকাশ মুছার বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। ওই সময় দা বাহিনীর হামলায় আহত ব্যক্তিরা হলেন মো. কালু, আব্দুস শুক্কুর, সুলতান আহমদ, মোজাহের আহমদ, বদি আলম, হাসিনা বেগম, বেলাল উদ্দিন, জন্নাতুল ফেরদৌস।
পেকুয়া থানার ওসি মো. আবদুর রকিব বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মো. পারভেজ ও মো. তারেক নামের দুজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, হামলাকারী যে দলেরই হোক রেহাই পাবে না।