পেকুয়ায় ধানখেত থেকে চালকের লাশ উদ্ধার
কক্সবাজারের পেকুয়ায় এক অটোরিকশাচালকের গলা কাটা ও হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাতটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের কাছারী পাহাড়-সংলগ্ন এলাকার ধানখেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
নিহত অটোরিকশাচালকের নাম মোহাম্মদ হোছাইন (১৮)। তাঁর বাড়ি ইউনিয়নের বনকাননের গর্জনিয়া পাড়ায়। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে টৈটং বাজারপাড়া এলাকার বাসিন্দা আবদুর রহমানকে (২২) আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির মা হামিদা বেগম (৩৬) বলেন, গত শনিবার সকাল নয়টায় বাড়ি থেকে বের হন তাঁর ছেলে। ওই দিন অটোরিকশা নিয়ে টৈটং ইউপি নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারকাজ চালান। রাতে বাড়িতে ফেরেননি তিনি। সকালে ঘুম থেকে উঠেই তাঁর ছেলে খুন হওয়ার খবর পান।
হামিদা বেগম বলেন, তাঁর ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কেন তাঁকে হত্যা করা হয়েছে, তাও তিনি বুঝতে পারছেন না।
পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, আবদুর রহমান নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যারহস্য বের করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।