পেকুয়ায় পুলিশ পিটিয়ে খননযন্ত্র ছিনতাই!
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী পুলিশ ফাঁড়ি থেকে পুলিশের এক নায়েককে পিটিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে জব্দ করা খননযন্ত্র (এক্সকাভেটর) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার পর গুরুতর আহত পুলিশের নায়েক জহুরুল আলমকে (৪৫) উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, রাজাখালী ইউনিয়নের এরশাদ আলী ওয়াকফ স্টেটের জমিতে পুলিশ ফাঁড়ির সামনে থেকে চঁরিপাড়া পর্যন্ত মাটি কেটে একটি নতুন সড়ক নির্মাণের কাজ করা হচ্ছে। মাটি কাটতে সেখানে একটি খননযন্ত্র আনা হয়। গত মঙ্গলবার রাত নয়টার দিকে খননযন্ত্রের সাহায্যে মাটি কাটার সময় ওয়াকফ স্টেটের কর্মচারীরা বাধা দেন।
জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান বলেন, ইউএনওকে ওয়াকফ প্রশাসন স্টেটের মোতোয়ালি হিসেবে নিয়োগ করে। সেখানে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করতে গেলে ওয়াকফ প্রশাসন থেকে অনুমতি নিতে হয়। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা ওয়াকফ স্টেটের জমিতে অনুমতি ছাড়া সড়ক নির্মাণ করতে গেলে কর্মচারীরা বাধা দেন। সড়কের মাটি কাটার কাজ স্থগিত করতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে রাজাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা মাটি কাটার কাজে ব্যবহৃত খননযন্ত্রটি আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। খবর পেয়ে রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার, ইউপি সদস্য আজম উদ্দিন ও স্থানীয় আওয়ামী লীগের নেতা ছৈয়দ নুরের নেতৃত্বে দেড় শতাধিক সশস্ত্র মানুষ গুলি ছুড়তে ছুড়তে পুলিশ ফাঁড়ির দিকে যায়। গুলির শব্দ শুনে খননযন্ত্রটির পাশে গিয়ে দাঁড়ান পুলিশের নায়েক জহুরুল আলম। এ সময় লোকজন তাঁকে বন্দুক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে খননযন্ত্রটি ছিনিয়ে নিয়ে যায়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জহুরুল আলম গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘গুলির শব্দ শুনে আমি এক্সকাভেটরের কাছে যাই। সশস্ত্র অবস্থায় দেড় থেকে দুই শ লোক ছিল। তাদের মধ্যে ১০ থেকে ১২ জন লোক যেভাবে পেরেছে, আমাকে মেরেছে। তারা এক্সকাভেটরটিসহ আমাকে মাটি কাটার স্থানে নিয়ে যায়। এরপর আর কিছু বলতে পারি না।’
ঘটনার খবর পেয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়ার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সশস্ত্র লোকজন পালিয়ে যায়। পুলিশ আহত নায়েক জহুরুল আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া গতকাল দুপুর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মুঠোফোন ধরেননি। কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হবে।
জানতে চাইলে রাজাখালী ইউপির সদস্য ও সড়ক নির্মাণ প্রকল্পের সভাপতি আজম উদ্দিন বলেন, ‘আমরা পুলিশের ওপর হামলা করিনি। “জনগণ” এক্সকাভেটরটি নিয়ে আসতে গিয়ে কেমনে কীভাবে পুলিশ আহত হয়েছে জানি না। আমাদের হাতে কোনো অস্ত্র নেই, গুলি ছুড়েছে স্টেটের লোকজন।’ আওয়ামী লীগের নেতা ছৈয়দ নুর ও প্যানেল চেয়ারম্যান নুরুল আবছারও ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
আজম উদ্দিন বলেন, মাটি কেটে সড়ক নির্মাণ, আরসিসি পাইপ স্থাপন ও একটি মসজিদের সৌর প্যানেল বসাতে সংরক্ষতি নারী আসনের সাংসদ ওয়াসিকা আয়েশা খান ছয় টন চাল বরাদ্দ দেন। চার টন চাল ছাড় করিয়ে মাটি কাটার কাজ করা হচ্ছিল। সেখানে স্টেটের কর্মচারীরা বাধা দিয়েছেন।