পেকুয়ায় প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে লাশ হলেন খালেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেকুয়া উপজেলায় প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের ছোড়া গুলিতে লাশ হলেন আবদুল খালেক (২৮)। তিনি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোয়াখালী এলাকার টেকপাড়া গ্রামের উলা মিয়ার ছেলে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
টেকপাড়া গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাত আড়াইটার দিকে চারজন সশস্ত্র দুর্বৃত্ত কৃষক মীর কাশেমের ঘরে ঢোকে। ওই সময় দুর্বৃত্তরা মীর কাশেমকে হাত-পা বেঁধে ফেলতে উদ্যত হয়। তখন দুর্বৃত্তদের মধ্যে জয়নাল ও লালুকে চিনতে পেরে মীর কাশেম চিৎকার করেন। তাঁর চিৎকারে প্রতিবেশী আবদুল খালেক ঘর থেকে বের হয়ে এসে এক দুর্বৃত্তকে ধরে ফেলেন। তখন আরেক দুর্বৃত্ত খালেকের বুকে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মীর কাশেমের স্ত্রী ছেনুয়ারা বেগম (৩২) বলেন, ‘টেকপাড়া এলাকার জয়নাল আবেদীন, লালু ও পারভেজ নামের তিন যুবক গত মঙ্গলবার রাতে ও শনিবার সকালে ঘরে এসে টাকা চায়। কিন্তু আমরা তো গরিব মানুষ টাকা কোথায় পাব?’
ছেনুয়ারা বেগম আরও জানান, সশস্ত্র দুর্বৃত্তরা শনিবার রাতে যখন ঘরের ভেতরে ঢোকে তখন তাঁর স্বামী লালু ও জয়নালকে চিনতে পেরে চিৎকার-চেঁচামেচি করেন। একপর্যায়ে প্রতিবেশী আবদুল খালেক এগিয়ে এসে এক দুর্বৃত্তকে ধরে ফেললে তাঁকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত আবদুল খালেকের স্ত্রী রুজিনা বেগম (২৩) বলেন, ‘আমার ঘরে ডাকাত ঢোকে নাই। অন্যের ঘরে ডাকাত ঢুকেছে, সেখানে বাঁধা দিতে গিয়েই মারা গেছেন তিনি (আবদুল খালেক)। মীর কাশেমের চিৎকার শুনে ঘরের কাউকে না জাগিয়ে একাই বেরিয়ে পড়েন তিনি। সেখানে একজনকে ধরে ফেলায় ডাকাতেরা তাঁর (খালেক) বুকে গুলি করে মেরে ফেলে।’ গতকাল সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে যান কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম।
মো. মাসুদ আলম বলেন, মীর কাশেমের আর্থিক অবস্থা খুবই দুর্বল। সেখানে ডাকাতি করার মতো কিছু নেই। কেন সশস্ত্র দুর্বৃত্তরা মীর কাশেমের ঘরে ঢুকেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।