পেকুয়ায় সাবেক ইউপি সদস্য খুন গ্রেপ্তার ৪
কক্সবাজারের পেকুয়ায় সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোছাইন (৬০) উপজেলার রাজাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন নবীর হোসেন, গিয়াস উদ্দিন, রবিউল আলম ও মোস্তাফিজুর রহমান।
নিহত দেলোয়ারের স্ত্রী ফুলতাজ বেগম বলেন, ‘মনছুর আলী নামের এক ব্যক্তি বনভোজনের নামে মুঠোফোনে ডেকে নিয়ে আমার স্বামীকে পরিকল্পিতভাবে কুপিয়ে খুন করেছে। আমি এদের বিচার চাই।’
রাজাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোছাইন মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, ‘দেলোয়ার একসময় ডাকাতি করতেন। ১৯৯৫ সালের পর তিনি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। গত নির্বাচনেও আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে হেরে যান।’
ইউপি সদস্য সাইফুল্লাহ বলেন, ‘দেলোয়ার প্রতিদিন ভোরে এলাকার লোকজনকে ঘুম থেকে ডেকে দেন। তারপর সবাইকে নিয়ে নামাজ পড়েন। তাঁর ছেলেরা সবাই প্রতিষ্ঠিত। তিনি বর্তমানে কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত নন।’
জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দেলোয়ার হোছাইন ওরফে দেলু ডাকাতকে খুনের ঘটনায় তাঁর ছেলে সালাহউদ্দিন বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।