পেকুয়ায় হাতকড়া পরিয়ে নির্যাতন!
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী পুলিশের তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে মিছিলকারী এক ব্যক্তিকে ধরে নিয়ে পুলিশ নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার সকালে রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া স্টেশনের একটি চায়ের দোকান থেকে মো. মেহেরাজ উদ্দিন ওরফে কামালকে (৪২) আটক করে নিয়ে যান তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মীর মোহাম্মদ।
এর আগে ১০ এপ্রিল সবুজবাজার এলাকায় মেহেরাজসহ কয়েক শ লোক মীর মোহাম্মদকে প্রত্যাহারের দাবিতে মিছিল করেন।
মীর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে মিছিল ও পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালানোয় মেহেরাজকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।’ তিনি বলেন, ‘আমি তাঁকে কোনো নির্যাতন করিনি। টুলের সঙ্গে ধাক্কা খেয়ে একটু আঘাত পেয়েছেন তিনি।’
একাধিক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, মেহেরাজ উদ্দিন সকালে বামুলাপাড়া স্টেশনে একটি চায়ের দোকানে নাশতা করছিলেন। ওই সময় এসআই মীর মোহাম্মদসহ চারজন পুলিশ সদস্য তাঁকে আটক করে তার দিয়ে মারতে শুরু করেন। পরে মেহেরাজকে হাতকড়া পরিয়ে টেনে-হিঁচড়ে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়া হয়। তাঁকে গাড়িতেও মারধর করা হয়। তদন্ত কেন্দ্রের সামনে নিয়ে লাঠি দিয়ে মেহেরাজকে মারধর করেন মীর মোহাম্মদ। বেলা সাড়ে ১২টার দিকে মেহেরাজ উদ্দিনের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া মেহেরাজকে হাসপাতালে দেখতে যান পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব।
মেহেরাজ উদ্দিন বলেন, ‘মীর মোহাম্মদ রাজাখালী তদন্ত কেন্দ্রে যোগদানের পর থেকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা আদায় করে আসছেন। তাঁর এসব অপকর্মের প্রতিবাদে এলাকার লোকজন ১০ এপ্রিল সন্ধ্যায় মিছিল করেন। আমিও এতে অংশ নিই। এতে ক্ষিপ্ত হয়েই ওই কর্মকর্তা হাতকড়া পরিয়ে আমার ওপর এই নির্যাতন চালিয়েছেন।’
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে পুলিশের ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’