পেকুয়ায় 'চাঁদার জন্য' একজনকে ছুরিকাঘাত
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামে গতকাল বৃহস্পতিবার নুরুচ্ছফা (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল ভোরে নুরুচ্ছফা ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে স্থানীয় দুই ডাকাত নুরুজ্জামান ওরফে বদাইয়া ও মো. নুরুজ্জামান তাঁর মাথা ও মুখে ছুরিকাঘাত করে। একপর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর হাত ও হাঁটু থেঁতলে দেয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে বদাইয়াকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে নুরুচ্ছফাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত নুরুচ্ছফা বলেন, ‘বারবাকিয়ার পাহাড়ে আমার দুই একরের বনভূমি আছে। বদাইয়া ও নুরুজ্জামান ওই জমির জন্য দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আমার ওপর হামলা করা হয়েছে।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার বদাইয়ার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা আছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।