পেকুয়ায় 'শিবিরের' হামলায় আহত ৩
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের হাজিবাজার এলাকায় গতকাল মঙ্গলবার একদল যুবকের হামলায় যুবলীগের নেতাসহ তিনজন আহত হয়েছেন। পুলিশ বলছে ছাত্রশিবিরের মিছিল থেকে ওই হামলা চালানো হয়।
আহত ব্যক্তিরা হলেন টৈটং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু, ইউনিয়ন যুবলীগের সদস্য আবদুল মোনাফ ও বেলাল উদ্দিন।
প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, অপরিচিত ২০-২৫ জন যুবক গতকাল হাজিবাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। এর পরপরই তাঁরা জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। ওই সময় মিছিলকারীরা একটি দোকান ভাঙচুরের চেষ্টা করলে মোহাম্মদ বাচ্চুসহ সাত-আটজন তাঁদের বাধা দেন। তখন মিছিলকারীরা লাঠিসোঁটা ও হাতুড়ি নিয়ে যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে তিনজন আহত হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া করে মফিজুর রহমান নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করে। মফিজুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি। তাঁর বাড়ি উখিয়া উপজেলার ইনানী এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, হামলায় আহত ব্যক্তিদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ছাত্রশিবিরের কর্মীরা ওই হামলা চালিয়েছে। পরে পুলিশ একজনকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
হামলার অভিযোগ অস্বীকার করে পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইমতিয়াজ বলেন, যশোরে শিবিরের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে উপজেলা ছাত্রশিবির মিছিল বের করে। মিছিল শেষে ফিরে যাওয়ার সময় শিবিরের এক কর্মীর ওপর যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান। তাঁকে বাঁচাতে শিবিরের অন্য নেতা-কর্মীরা এগিয়ে যান। ওই সময় যুবলীগের নেতা-কর্মীরা মফিজুরকে ধরে মারধর করে পুলিশে সোপর্দ করেন।