পেছনের গাড়ি আগে পার
ফেরিস্বল্পতা ও বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দুই দিন ধরে যানজট দেখা দিয়েছে।
গাড়ির চাপের সুযোগে ট্রাফিক পুলিশ ও দালাল চক্র টাকার বিনিময়ে পেছনের গাড়ি আগে ফেরিতে তুলে দিচ্ছে বলে অভিযোগ। এ অবস্থায় অনেক গাড়ি দুই দিনেও ফেরিতে উঠতে পারেনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় ও ঘাট-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ছোট-বড় মোট ১৫টি ফেরি চললেও গতকাল শুক্রবার ছিল ১৩টি।
রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বৃহস্পতিবার দুপুর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতীতে রয়েছে। বরিশালের লাহারহাট-ভেদুরিয়া পথে চলাচলের জন্য বৃহস্পতিবার সকালে সরিয়ে নেওয়া হয়েছে ইউটিলিটি ফেরি হাসনাহেনাকে। এর আগে মঙ্গলবার রাতে রো রো ফেরি শাহ আলী যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়। যদিও মেরামতের পর এটি গতকাল সকালে আবার চালু হয়। এ ছাড়া বৃহস্পতিবার দুপুরে রো রো ফেরি খানজাহান আলী ও শাহ মখদুম যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘক্ষণ বসা ছিল। বৈরী আবহাওয়ায় বৃহস্পতিবার কয়েক দফা ফেরি চলাচল ব্যাহত হয়।
মঙ্গলবার রাতে যশোর থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছান আলামিন সরদার (৪০)। যাবেন গাজীপুর। তিনি বলেন, ‘আমার পরে অনেক সাধারণ গাড়ি এসেও দালালদের মাধ্যমে ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে আগে পার হয়ে যাচ্ছে। কিছু বলতে গেলেই নানাভাবে নাজেহাল হতে হয়। বাড়তি টাকা দেওয়া সম্ভব হয়নি বলে দুই দিন ধরে আমার মতো অনেকেই ঘাটে বসে আছেন।’
গতকাল সকালে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ফেরিঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানবাহনের দু-তিনটি সারি। এক সারিতে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যের গাড়ি। অন্য সারিতে সাধারণ পণ্যবাহী গাড়ি থাকার কথা থাকলেও দেখা যায় উল্টো চিত্র। স্থানীয় ইউনিয়ন পরিষদসংলগ্ন সড়ক বিভাজকের মাথায় দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের সদস্যরা দালালদের মাধ্যমে অনেক গাড়ি ডান দিক দিয়ে বের করে দিচ্ছেন। অথচ ডান পাশের সড়ক দিয়ে শুধু ফেরি থেকে নামা গাড়ি যাওয়ার কথা। ফেরিঘাট টার্মিনালের মুখে এসে বিকল্প সড়ক দিয়ে গাড়ি ফেরিতে ওঠার সুযোগ করে দেওয়া হচ্ছে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত এ রকম চলে বলে জানা গেছে।
আগের দিন রাতে পাটুরিয়া ঘাটে গিয়েও প্রায় একই চিত্র দেখা গেছে।
এ বিষয়ে কথা বলতে দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক পুলিশ পরিদর্শক এস এম শহিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ‘আমি সন্ধ্যায় (গতকাল) ঘাট পরিদর্শন করে ও রকম কিছু দেখিনি। তবুও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’