পেছনের গাড়িকে আগে যেতে বাধা দেওয়ায় চালক প্রহৃত
ফেরি পারাপারের জন্য ঘাটে অপেক্ষমাণ ছিল কয়েক শ গাড়ি। সে সময় লাইন ভেঙে পেছনের একটি ট্রাককে সামনের দিকে নেওয়ার চেষ্টা করে ঘাটের চিহ্নিত দালালসহ কয়েকজন। এর প্রতিবাদ করায় জিয়াউর রহমান (৩১) নামের এক ট্রাকচালককে বেধড়ক মারধর করেছে ওই দালালসহ কয়েকজন। গতকাল সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ঘটনায় আহত ট্রাকচালক বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেছেন। তাঁর বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামে। বাবার নাম মো. শফিউদ্দিন।
ট্রাকচালক জিয়াউর রহমান অভিযোগ করেন, যশোর থেকে তিনি ট্রাকে পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। গত রোববার বিকেলে দৌলতদিয়া ঘাটের যানজটে আটকা পড়েন। পরদিন সোমবার দুপুরের দিকে তাঁর ট্রাকের পেছনে থাকা একটি ট্রাক আগে পার করতে স্থানীয় জয়নাল ফকির (৪০) নামের এক দালালসহ আরও কয়েকজন মিলে চেষ্টা করেন। এমনকি তাঁকে সাইড দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। এতে তিনি রাজি না হলে ক্ষিপ্ত হয়ে জয়নালসহ সংঘবদ্ধ আরও কয়েক দালাল তাঁকে রড ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। স্থানীয় লোকজন বিষয়টি দ্রুত গোয়ালন্দ ঘাট থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ স্থানীয় চালকদের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর রাতেই তিনি বাদী হয়ে জয়নালসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার পর থেকে দালাল জয়নাল পলাতক রয়েছেন। সোমবার দিবাগত রাতে জয়নালকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।