পেট কেটে ব্যথা দূর করার চেষ্টা, পরে মৃত্যু
অনেক দিন ধরে পেটের ব্যথায় ভুগছেন। গত রোববার হঠাৎ করে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সঙ্গে শ্বাসকষ্ট। যন্ত্রণা সহ্য করতে না পেরে ব্লেড দিয়ে পেট কেটে ফেলেন। অতঃপর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এ ঘটনা ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি ওই উপজেলার উত্তর ভেড়ভেড়ি গ্রামে। নাম সিরাজুল ইসলাম (৬৫)। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, সিরাজুল ইসলাম দিনমজুর। তাঁর স্ত্রী আনোয়ারা বেগম অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। এক বছর ধরে তিনি পেটের ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছেন। অসুস্থতার কারণে কাজ না পাওয়ায় কিছুদিন ধরে তিনি বাড়িতে আছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। তাঁর এক ছেলে ঢাকায় কাজ করেন, অন্য ছেলে জলঢাকা আইডিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
সিরাজুলের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ‘ঘটনার আগে আমি তাঁকে ভাত খাইয়েছি। এরপর আমি মানুষের বাসায় কাজ করতে গিয়েছিলাম।’
স্থানীয় পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম বলেন, প্রায় এক বছর আগে জন্ডিসে আক্রান্ত হন সিরাজুল। সঠিক চিকিৎসা না হওয়ায় পানি জমে তাঁর পেটের আকার অস্বাভাবিক বৃদ্ধি পায়। এ কারণে নিশ্বাস নিতেও দারুণ কষ্ট হতো তাঁর। তিনি হয়তো মনে করেছিলেন পেট কাটলেই স্বস্তি পাবেন। এ কারণে গত রোববার দুপুরে ধারালো ব্লেড দিয়ে নিজেই নিজের পেট কেটে ফেলেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এলাকাবাসী বিষয়টি প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মুঠোফোনে জানায়। ঘটনাস্থলে গিয়ে ইউএনও এলাকাবাসীর সহযোগিতায় সিরাজুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ইউএনও সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সিরাজুলের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। এ অবস্থায় তাঁকে কেউ হাসপাতালে নিতে পারছিলেন না। পরে এলাকার একজনকে দিয়ে তাঁর নাড়িভুঁড়ি পেটের ভেতরে ঢুকিয়ে হাসপাতালে পাঠাই। কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু রংপুর যাওয়ার আগেই পথে তাঁর মৃত্যু হয়।’