পেট থেকে বের করা হলো চার হাজার ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলিথিনে মোড়ানো ১০০টি প্যাকেটের চার হাজার ইয়াবা বড়ি গিলে খেয়েছিলেন টেকনাফের ইমাম হোসেন (৩০)। ভেবেছিলেন, এতে শুল্ক গোয়েন্দাদের চোখ এড়াতে পারবেন। এভাবে জীবনের ঝুঁকি নিয়েও শেষ রক্ষা হয়নি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরে চিকিৎসকের সাহায্য নিয়ে মলদ্বার দিয়ে বের করে আনা হয় চার হাজার ইয়াবা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, পেটের ভেতর ইয়াবার এত বড় চালান ধরা পড়ার ঘটনা এটাই প্রথম। তিনি বলেন, আটক ইমাম হোসেন গত রোববার দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাঁর পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। বিশেষ এক রকম রাসায়নিক খেয়ে ইমাম হোসেন বিমানবন্দরেই পেটে থাকা ইয়াবা বের করতে চেয়েছিলেন। কিন্তু কোনো ঝুঁকি নেওয়া হয়নি। কারণ, একটি প্যাকেট ফেটে গেলেই বহনকারীর মৃত্যু হতে পারত। তাই র্যা বের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসকের পরামর্শে তাঁর এক্স-রে করানো হয়।
এক্স-রে প্রতিবেদনের মাধ্যমে তাঁর পাকস্থলীর নিচে ইয়াবার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন চিকিৎসক।
মইনুল খান বলেন, এরপর ওষুধ খাইয়ে দফায়-দফায় ইমাম হোসেনের পেট থেকে ইয়াবা বের করা হয়। তিনি বলেন, রোববার রাত নয়টা থেকে গতকাল সোমবার ভোর পাঁচটা পর্যন্ত কয়েক দফায় তাঁর পেটে থাকা ১০০টি প্যাকেট বের হয়ে আসে।
এরপর দুপুর ১২টা পর্যন্ত তাঁর চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে তাঁকে আবার বিমানবন্দরে নেওয়া হয়। ইমাম হোসেনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে মইনুল খান জানিয়েছেন।