পেট থেকে বের করা হলো ৯৬০টি ইয়াবা বড়ি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বাসযাত্রীকে আটকের পর তাঁর পেট থেকে ৯৬০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। তাঁর পেটে ৩২টি প্যাকেটে এসব ইয়াবা বড়ি ছিল বলে পুলিশ জানায়। গতকাল রোববার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাসে তল্লাশি চালিয়ে ওই যুবককে আটক করে হাইওয়ে পুলিশ। তাঁর নাম রফিকুল ইসলাম (২৩)। তাঁর বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানার গৈয়ালমারা এলাকায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে গতকাল সকালে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী রফিককে সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। একপর্যায়ে রফিক স্বীকার করেন, তাঁর পেটে ইয়াবা রয়েছে। পরে বিশেষ প্রক্রিয়ায় তাঁর পেট থেকে ৩২টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে ৩০টি করে ইয়াবা বড়ি ছিল।