পেট থেকে ৬০ লাখ টাকার সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমান থেকে গত মঙ্গলবার রাতে ঢাকায় ফিরছিলেন জাহাঙ্গীর আলম (২৭)। বিমানবন্দরে তাঁর হাঁটাচলা দেখে সন্দেহ হয় শুল্ক কর্মকর্তাদের। শেষ পর্যন্ত তাঁকে নেওয়া হয় হাসপাতালে। এক্স-রের পর দেখা যায় জাহাঙ্গীরের পেটে একটি-দুটি নয়, ১০টি সোনার বার। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বলেন, রাত সাড়ে আটটার দিকে ওমানের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন জাহাঙ্গীর। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে আটক করা হয়। স্বর্ণবারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্বীকার করেন। কিন্তু এক্স-রে করে তাঁর পেটে সোনার বারের অস্তিত্ব পাওয়া যায়। পরে তাঁকে বিমানবন্দরের শৌচাগারে আনা হয়। আহসানুল কবির বলেন, শৌচাগারে জাহাঙ্গীর তাঁর পেটে বিশেষ কায়দায় রাখা সোনার বারগুলো বের করেন। সোনার বারগুলোর ওজন ১ কেজি ১৬৫ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় জাহাঙ্গীরকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। জাহাঙ্গীরের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া। তিনি পেশায় নরসুন্দর। মাঝেমধ্যেই তিনি ওমান যাতায়াত করতেন বলে আহসানুল কবির জানিয়েছেন।