পেটে ইয়াবা, ধরা পড়ল এক্স-রেতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে তথ্য ছিল বাকলিয়া ও ফিরিঙ্গীবাজার এলাকার দুই যুবকের কাছে ইয়াবা বড়ি রয়েছে। গতকাল শুক্রবার সকালে তাঁদের আটকের পর শরীর তল্লাশি করা হয়। কিন্তু পাওয়া গেল না ইয়াবা। জিজ্ঞাসাবাদেও নিজেদের কাছে ইয়াবা থাকার কথা অস্বীকার করেন তাঁরা।
কিন্তু ডিবি কর্মকর্তারা নিশ্চিত ছিলেন দুজনের কাছে ইয়াবা রয়েছে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাঁদের এক্স-রে করানো হয়। তখনই ধরা পড়ে ইয়াবা রয়েছে দুজনের পেটে!
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে রাবারের ছোট ছোট পুঁটলিতে ইয়াবা ভরে তা গিলে ফেলেন সাব্বির আহমেদ ও জাকের হোসেন। এক্স-রে পরীক্ষায় বিষয়টি ধরা পড়ার পর তাঁদের প্রচুর পানি পান করানো হয়। সাত ঘণ্টায় দুজনের মলদ্বার থেকে একে একে বের করে আনা হয় ৯৫০টি ইয়াবা।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. মোকতার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বাকলিয়া নতুন ব্রিজ এলাকা থেকে সাব্বির আহমেদ ও ফিরিঙ্গীবাজার এলাকা থেকে জাকের হোসেনকে আটক করা হয়। এক্স-রে পরীক্ষায় তাঁদের পেটের ভেতর পোঁটলাসদৃশ বস্তু দেখা যায়। পরে প্রচুর পানি খাইয়ে পায়ুপথ দিয়ে দুজনের কাছ থেকে ৯৫০ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার বলেন, জাকের হোসেনের পেট থেকে ৫০০টি ও সাব্বির আহমেদের পেট থেকে ৪৫০টি ইয়াবা বড়ি বের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।