পেটে বাতাস ঢুকিয়ে যুবককে হত্যাচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্নিচার কারখানায় আতিয়ার রহমান (৩০) নামের এক ব্যক্তির পায়ুপথে যন্ত্রের সাহায্যে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ভাটারার নতুন বাজার মোড়ে আক্তার ফার্নিচারের একটি কারখানায় এ ঘটনা ঘটে। আহত আতিয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় আতিয়ারের সহকর্মী আল মামুনকে (২২) আটক করেছে।

চিকিৎসকেরা বলেছেন, আতিয়ারের অবস্থা আশঙ্কাজনক। এর আগে ২৫ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্পিনিং মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগর বর্মণ নামের এক শিশুশ্রমিককে হত্যা করা হয়। গত ৯ মে ঢাকার অদূরে আশুলিয়ার বাশাইদ এলাকায় একটি পোশাক কারখানায় সাহাবুদ্দিন ফরহাদ (২২) নামের এক শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করা হয়। আতিয়ার রহমান গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসহনীয় যন্ত্রণায় চিৎকার করছিলেন। দেখা যায়, তাঁর পেট ফুলে গেছে। তাঁর এ অবস্থা দেখে পাশে বসা স্ত্রী সুমি আক্তার কান্নায় ভেঙে পড়েন।

আতিয়ার প্রথম আলোকে বলেন, তিনি আক্তার ফার্নিচার কারখানার একটি অংশের ঠিকাদার। গতকাল দুপুর ১২টার দিকে তাঁর কাজের বিষয়ে কথা বলতে যান অন্য বিভাগে। এ সময় সেখানে যন্ত্রের সাহায্য বাতাস দিয়ে ফার্নিচার পরিষ্কার করছিলেন আল মামুন। একপর্যায়ে মামুন ওই যন্ত্রটি তাঁর পায়ুপথে চেপে ধরেন। মুহূর্তের মধ্যে তিনি লুটিয়ে পড়েন।

আতিয়ারের সহকর্মী জুয়েল গাজী বলেন, ঘটনাস্থলের অদূরে তিনি কাজ করছিলেন। চিৎকার শুনে তিনি দেখেন মেঝেতে আতিয়ার ছটফট করছেন। পরে সবাই ছুটে গিয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিকেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, পেটের ভেতরে প্রচণ্ড বাতাসের চাপ। ধারণা করা হচ্ছে, আতিয়ারের পাকস্থলী ও নাড়িভুঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার করে তাঁকে বাঁচানোর চেষ্টা চলছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মোত্তাকিন প্রথম আলোকে বলেন, যন্ত্রের সাহায্যে আতিয়ারকে পায়ুপথে বাতাস ঢোকানোর অভিযোগে মামুনকে আটক করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, ‘দুষ্টুমির ছলে এ ঘটনা ঘটে গেছে।’