পেটে ভরে ইয়াবা পাচারের সময় কিশোরের মৃত্যু
কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে গত শনিবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় মোহাম্মদ দিলদার (১৫) নামের
এক কিশোরকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে ময়নাতদন্তের সময় তার পেটে পাওয়া যায় ইয়াবা বড়ি।
পুলিশ বলছে, পেটের ভেতরে করে ইয়াবা পাচার করছিল কিশোরটি। ওই সময় পেটের ভেতরে থাকা ইয়াবার প্যাকেট ফেটে যায়। চিকিৎসক বলছেন, ইয়াবার বিষক্রিয়ায় ওই কিশোরের মৃত্যু হয়।
দিলদারের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামে। তার বাবা ফরিদ আলম বলেন, ‘আমাদের দারিদ্র্যের সুযোগে টাকার লোভ দেখিয়ে দুই ইয়াবা ব্যবসায়ী দিলদারের মাধ্যমে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের চেষ্টা চালায়। তারা ইয়াবা বড়ি পলিথিনে মুড়িয়ে আমার ছেলেকে খাইয়ে তাকে নিয়ে শনিবার টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিল। হঠাৎ পেটে ব্যথায় ছটফট করতে থাকলে তারা দিলদারকে উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।’ তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কিসলু প্রথম আলোকে বলেন, অসুস্থ অবস্থায় পুলিশ দিলদারকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ওই সময় দিলদারের বাবা তার ছেলের পেটের ভেতর ইয়াবা বড়ি আছে বলে দাবি করেন।
গতকাল রোববার কক্সবাজার সদর হাসপাতালে দিলদারের লাশের ময়নাতদন্ত করা হয়। তার পেটে ইয়াবা বড়ি পাওয়ার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুলতান আহমদ সিরাজী বলেন, ময়নাতদন্ত করার সময় দিলদারের পেটের ভেতর থেকে কনডম ও পলিথিনে মোড়ানো পাঁচটি প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতরে ছিল ইয়াবা বড়ি। তিনি বলেন, কনডম ফেটে যাওয়ায় ইয়াবাগুলো জমাট বেঁধে যায়। এ কারণে ইয়াবার সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।
সুলতান আহমদ সিরাজী বলেন, ইয়াবার বিষক্রিয়ায় ওই কিশোরের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পেটের ভেতর করে ইয়াবা পাচারের জন্য এলাকার দরিদ্র লোকজনকে ব্যবহার করছেন ইয়াবা ব্যবসায়ীরা। এর আগেও পেটে করে ইয়াবা বড়ি পাচারের সময় কয়েকজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, একই কায়দায় ইয়াবা পাচার করতে গিয়ে গত ১০ জানুয়ারি টেকনাফের কচুবনিয়া গ্রামে মোহাম্মদ ইসমাঈল ওরফে বাঘাইয়া (১৮) নামের এক ব্যক্তি মারা যান।