পেটে সুই ও গজ রেখেই সেলাই!
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চিকিৎসকের অবহেলায় শাবনূর আক্তার (২০) নামের এক প্রসূতির অস্ত্রোপচার শেষে পেটের ভেতর সুই ও গজ রেখেই সেলাই করার অভিযোগ উঠেছে। পরে অন্য একটি হাসপাতালে আবার অস্ত্রোপচার করে সুই ও গজ বের করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় ওই প্রসূতির স্বামী সফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রসূতির পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ মে ওই নারীর প্রসবব্যথা শুরু হলে তাঁকে কসবার গোপীনাথপুরের গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ছেলেসন্তান হয়। ২৯ মে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। গত শুক্রবার তাঁর পেট ফুলে যায়, প্রচণ্ড ব্যথা ও রক্তক্ষরণ হয়। ওই দিনই তাঁকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের ১৫ হাজার টাকা জমা দিতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ওই দিনই তাঁকে পাশের কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর রয়েল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে শনিবার আবার অস্ত্রোপচার করে পেটের ভেতর থেকে একটি সুই ও কয়েকটি গজ বের করা হয়।
সফিকুল বলেন, তিনি চটপটি বিক্রি করে সংসার চালান। তাঁর স্ত্রীর প্রচণ্ড ব্যথা ও রক্তক্ষরণ হওয়ায় ওই হাসপাতালে নিয়ে গেলে ১৫ হাজার টাকা ও দুই ব্যাগ রক্ত জমা করতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। টাকা জোগাড় করতে দুই ঘণ্টা সময় লাগে। এ সময় রোগীকে তারা কোনো চিকিৎসা দেয়নি। অথচ এর আগে অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অবহেলায় তাঁর স্ত্রীর পেটে সুই ও গজ থেকে যায়। রয়েল হাসপাতালের আবাসিক সার্জন দীনেশ চন্দ্র দেবনাথ বলেন, অস্ত্রোপচারের পর ওই নারীর পেটে সুই ও রক্তমাখা গজ রেখেই সেলাই করা হয়। পরে আবার অস্ত্রোপচার করে সুই ও গজ বের করা হয়।
জানতে চাইলে গ্রিন লাইফ হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন বলেন, এ রকম হওয়ার কথা নয়। তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাসান আজাদ বাদল বলেন, হাসপাতালে কোনো গজ ব্যবহার করা হয় না। তোয়ালে ব্যবহার করা হয়। ইউএনও জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।